কৃষক পর্যায়ে আউশ ধানের বীজ উত্পাদন বাড়ানোর আহ্বান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৪

কৃষক পর্যায়ে আউশ ধানের বীজ উত্পাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে রবি মৌসুমে মাঠের চলমান কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি ও জেলার সার্বিক কৃষি পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আউশ ধানের বীজ উত্পাদন বাড়ানোর জন্য সম্প্রসারণ কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে কৃষি সচিব বলেন, দেশের চাহিদার ৬০ হাজার মেট্রিক টন আউশ ধানের বীজের মধ্যে বিএডিসি উত্পাদন করে ২০ হাজার মেট্রিক টন। বাকি বীজ কৃষক পর্যায়ে উত্পাদ করা দরকার। কৃষকের উত্পাদিত বীজের গুণগতমান বজায় রাখতে ডিএই’র মাধ্যমে তাদেরকে নিবন্ধিত করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক অমিদাভ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনত্ কুমার সাহা। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোছাম্মত্ নাজমানারা খানুম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উইংয়ের পরিচালকরাসহ অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি