রেইভারডার্বি দিয়ে আজ ফিরছে বুন্দেসলিগা

আপডেট : ১৫ মে ২০২০, ২১:০৯

স্পোর্টস ডেস্ক

পশ্চিম জার্মানিতে প্রায় বিশ মাইল এদিক ওদিকের শহর ডর্টমুন্ড আর জেলসেনকিরচেনের দুই দল বরুসিয়া ডর্টমুন্ড আর শালকে জিরো ফোর। শহর ভিন্ন হলেও তাদের এক সুতো গেঁথেছে রুহর অঞ্চল। ফুটবলের মাঠে এসে আবার দুই শহরে দারুণ বৈরিতা। জার্মান ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ এই ডার্বি পরিচিত ‘রেইভারডার্বি’ নামে। আর সব বারের চেয়ে এবারের ডার্বি বেশ ভিন্ন। এই ডার্বি দিয়েই আজ সোমবার দুই মাসের বিরতি শেষে মাঠে ফিরছে বুন্ডেসলিগা!

একটা ডার্বি ম্যাচের প্রাণ হয়ে থাকেন দর্শকরা। বিশেষত খেলাটা যখন সিগন্যাল ইডুনা পার্কে তখন ডর্টমুন্ড সমর্থকদের বিখ্যাত হলুদ দেয়ালের গর্জন বাড়তি মাত্রাই যোগ করতো রেইভারডার্বিতে। কিন্তু করোনাকবলিত এ সময়ে খেলা ফেরানোয় আপাতত দর্শকের কথা অকল্পনীয়ই ঠেকছে। তবে অনুপস্থিত ভক্তদের জন্য হলেও ম্যাচটা জিততে চান ডর্টমুন্ড মিডফিল্ডার জুলিয়ান ব্রান্ডট।

সম্প্রতি বুন্ডেসলিগা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আপনাকে মানতেই হবে সমর্থকেরাই খেলাটায় বিশেষত্ব আনেন। এমন একটা ম্যাচের আগে দর্শক, গণমাধ্যমই সে পরিবেশটা তৈরি করে। কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা তেমন নেই আর। তবে এটা মেনে নিতে হবে আমাদের। শনিবারের ম্যাচে দর্শকদের চোখ থাকবে এটা নিশ্চিত আমি। মাঠে না থাকা ভক্তদের জন্য হলেও ম্যাচটা জিততে চাই আমরা।’

দিনের অন্যসব ম্যাচে অসবার্গ খেলবে ভলফসবার্গের বিপক্ষে। ডুইসেলডর্ফ আতিথ্য দেবে পেডেরবর্নকে। এছাড়াও আজই মুখোমুখি হবে হফেনহাইম-হার্থা বার্লিন, লাইপজিগ-ফ্রেইবুর্গ ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-মনশেনগ্লাডবাখ।

এদিকে ১৬ মে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করার পরেও বুন্ডেসলিগার ফেরা নিয়ে শঙ্কা কাটছিলই না। গেল সপ্তাহেই এফসি কোলোনের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এরপরই লিগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, কোনো খেলোয়াড় বা সদস্য করোনায় আক্রান্ত হলে সাধারণ চোটের মতোই চিকিত্সা করা হবে তাদের। ফলে কেবল আক্রান্তদেরই পাঠানো হবে আইসোলেশনে, বাকিরা স্বাভাবিক নিয়মেই অনুশীলন, ম্যাচে অংশ নেবেন।

তবে পাশাপাশি কড়া নজরদারী থাকবে প্রতিটি খেলোয়াড়ের উপরই। সপ্তাহে দুবার করোনা পরীক্ষা করা হবে, সামাজিক দূরত্বের নিয়ম মানতে খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাবে তিনটি বাস। নিষিদ্ধ করা হয়েছে করমর্দন, এমনকি মাঠেও আলাদা আলাদাভাবে ঢুকবেন খেলোয়াড়রা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বুন্ডেসলিগা কর্তৃপক্ষ।

আজকের খেলা

বরুশিয়া ডর্টমুন্ড-শালকে

অসবার্গ-ভলফসবার্গ

ডুইসেলডর্ফ-পেডেরবর্ন

হফেনহাইম-হার্থা বার্লিন

লাইপজিগ-ফ্রেইবুর্গ

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-মনশেনগ্লাডবাখ