স্পোর্টস রিপোর্টার
মাঠের ক্রিকেটে পারফরম্যান্স আহামরি ছিল না। ২২ গজে পারফরম্যান্স আশানুরূপ না হলেও মাঠের বাইরে শৃঙ্খলা বহির্ভূত কাজের কারণে সাব্বির রহমান দ্রুতই বনে গেছেন বাংলাদেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’।
দর্শক পিটিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্রাব্য গালিগালাজ করেছেন সমর্থকদের, ম্যাচ অফিসিয়ালদের শাসিয়েছেন—ব্যাটে রানের চেয়ে, বিতর্কিত কর্মকাণ্ডেই বেশি সরব ছিলেন সাব্বির।
সম্প্রতি তিন ফরম্যাটেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। প্রিমিয়ার লিগে দল পেতেও কাঠখড় পোড়াতে হয়েছে। সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ৬৬ ওয়ানডে, ৪৪ টি-২০ ও ১১ টেস্ট খেলা সাব্বির বলছেন, অতীতের ভুল থেকে শিখেছেন। আগের চেয়ে পরিণত হয়েছেন। পারফরম্যান্স দিয়েই নতুন রূপে জাতীয় দলে ফিরতে চান ২৮ বছর বয়সি এই তরুণ ক্রিকেটার।
গত বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে সাব্বির বলেছেন, ‘ইনশাল্লাহ আমি নতুন রূপে বা নতুন কিছু নিয়ে ফিরে আসব।’
ক্যারিয়ারে অনেক নষ্ট করেছেন উল্লেখ করে ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘অবশ্যই আমি আমার সুযোগ নষ্ট করেছি। অনেক সময় আমি তাড়াহুড়ো করেছি, যেমন অনেক সময় দ্রুত আউট হয়ে গেছি। তখন যদি এখনকার অবস্থায় থাকতাম, আমি ঐসব ইনিংসগুলো বড়ো করতাম। অনেক ম্যাচে আমি যখন ৪০-৫০ করে আউট হয়েছি, কারণ শুধু আমি ছক্কা মারতে চাইতাম। আমি সেঞ্চুরি করার অবস্থায় যেতে পারিনি।’
ভুল থেকে শিখেছেন সাব্বির। ক্যারিয়ারের পরের ১০ বছর নিয়ে পরিকল্পনা করছেন উল্লেখ করে এই তরুণ বলেন, ‘আমি জীবনকে অনুধাবন করতে পারিনি, সংগ্রাম করিনি। আপনি যখন একটা ধাক্কা খাবেন, তখন বুঝবেন জীবন কত সুন্দর। তারপর পরবর্তী ১০ বছরের জন্য প্ল্যান করবেন। আমি একটা বিরতি পেয়েছি, আশা করি এটি আমাকে আগামী ১০ বছর জীবন কীভাবে কাটাবো তার পরিকল্পনায় সাহায্য করবে।’
বাংলাদেশের ক্রিকেটে এক ধারণা প্রচলিত আছে যে, দল থেকে বাদ পড়লে ফেরা কঠিন। সাব্বির এই ধারণায় বিশ্বাসী নন। তার মতে, পারফরম্যান্সের উপর কিছু নেই। সাব্বির বলেছেন, ‘আসলে এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমি যদি পারফরম্যান্স করি, আমার ভাগ্য যদি আমার সাথে থাকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। যদি আমি খারাপ খেলি তাহলে অবশ্যই আমাকে চান্স কেউই দিবে না।’
