ভাবছে বাফুফে
স্পোর্টস রিপোর্টার
বিশ্বব্যাপী করোনো নিয়ে কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। মৃত্যুর মিছিল থেমে নেই যেখানে, সেখানে জীবন আগে না খেলা আগে। রবিবার প্রিমিয়ার লিগ নিয়ে বাফুফের জরুরি সভা। পেশাদার লিগ কমিটির সভায় দাবি উঠেছিল স্থগিত লিগ না করার। এই নিয়ে বাফুফের সভা হওয়ার কথা থাকলেও এরই মধ্যে বাফুফে ক্লাবগুলোর সঙ্গে কথা বলছে। বর্তমান পরিস্থিতে লিগ মাঠে গড়ানোর কোনো সুযোগ দেখছে না। যদি লিগ আর না হয় তাহলে বিদেশি বাদ দিয়ে দেশি ফুটবলারদের নিয়েই লিগ আয়োজন করবে তবে সেটা বছর শেষে। অন্যান্য সময়ের মতোই আগস্ট কিংবা সেপ্টেম্বরে খেলোয়াড় রেজিস্ট্রেশন করার উইন্ডো থাকবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ক্লাবগুলো চাইছে লিগ খেলতে। কারণ পরিস্থিতি বলছে, এখন বিদেশি ফুটবলার আমদানি করা যাবে না। স্থগিত লিগ নিয়ে আলোচনা হবে সেই সঙ্গে নতুন মৌসুম নিয়েও পরিকল্পনা চূড়ান্ত করে রাখছে বাফুফে।
নতুন মৌসুম হলে দেশি ফুটবলারদের সঙ্গে ক্লাবের চুক্তি কি হবে? সেটাও একটা বড়ো ফ্যাক্টর। এটা নিয়ে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘এখানে বাফুফের কিছু করার নেই। খেলোয়াড়রা ক্লাবের সঙ্গে কথা বলে নির্ধারণ করে নেবেন।’ তবে খেলোয়াড় এবং ক্লাব চুক্তির বিষয়ে বাফুফে একটা পথ দেখিয়েছে। সমঝোতা করার পরামর্শ দিয়েছে। কেউ চাইলে ক্লাব ছেড়ে নতুন দলে খেলতে পারবেন। তবে সেই ক্লাবের সঙ্গে সমঝোতা থাকতে হবে। স্থগিত ফুটবল লিগের খেলোয়াড়রা লিগটাই খেলতে পারেননি।
বাফুফের হিসাব মতে, ২৩ ভাগ খেলা হয়েছে। এই অবস্থায় প্রায় পুরো লিগের খেলাই বাকি রয়ে গেছে। খেলোয়াড়রা পারিশ্রমিক নিয়েছেন তারা যদি মানিবক দিকটা ভেবে ক্লাবগুলোর সঙ্গে হিসাব-নিকাষ করে একটা সিদ্ধান্ত নিতে পারে তাহলে আর কোনো ঝামেলা থাকে না। বাফুফে বললে তারা সমঝোতা করার কথা বলেছেন। সোহাগ বললেন, ‘ক্লাব আর খেলোয়াড় যদি সমঝোতা করে তাহলে বাফুফেতে একটা কপি জমা দিতে হবে।’
দেশি খেলোয়াড় নিয়ে লিগ হলে সবচেয়ে বেশি খুশি হবে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। তিনি বঙ্গবন্ধু কাপের পর বিদেশি আধিক্য কমিয়ে দিতে অনুরোধ করেছিলেন। গতকাল জেমি ডে অনলাইনে জানিয়েছেন, যদি দেশি খেলোড়দের নিয়ে লিগ হয় তাহলে বেঞ্চের ফুটবলাররা সুযোগ পাবে সেই সঙ্গে যদি ফিফার নতুন আইনে ৫ খেলোয়াড় বদলি করা যায় সেটারও সুুফল পাবে বাংলাদেশ।
