স্লেজিংয়ের জবাবে হাসি

আপডেট : ১৫ মে ২০২০, ২১:১০

স্পোর্টস রিপোর্টার

স্লেজিংয়ের জবাবে কথা কাটাকাটি, পালটা গালিগালাজ ক্রিকেট মাঠের নিয়মিত চিত্র। কিংবদন্তি সব ব্যাটসম্যানের স্লেজিংয়ের শিকার হয়ে খেপে যাওয়ার ইতিহাস আছে। কিন্তু পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশীদ লতিফ বলছেন, শচীন টেন্ডুলকার ছিলেন এক বিরল ব্যতিক্রম। স্লেজিংয়ের জবাবে তিনি কেবল হাসতেন।

টেন্ডুলকারকে স্লেজিং করার অভিজ্ঞতা বলতে গিয়ে লতিফ বলেছেন, ‘ব্রায়ান লারা হোক বা রিকি পন্টিং কিংবা জ্যাক ক্যালিস; কিপিং করার সময় আমি সবসময়ই ভাবতাম তাদেরকে আউট করা নিয়ে। টেন্ডুলকারের আচরণ ছিল সবচেয়ে আলাদা। উইকেটের পেছন থেকে যদি কিছু বলতাম, সে কখনোই জবাব দিত না বা পালটা কিছু বলত না। স্রেফ হাসতে থাকত।’

এজন্যই সবাই টেন্ডুলকারকে শ্রদ্ধা করতেন, বলছেন লতিফ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের এক্ষত্রে মনে পড়ছে ভারতের আরেক সাবেক অধিনায়কের কথাও, ‘অন্যরা প্রতিক্রিয়া দেখাত, কিন্তু শচিন ও মোহাম্মদ আজহারউদ্দিন নয়। এই কারণেই সবাই টেন্ডুলকারকে খুব শ্রদ্ধা করেন, বিশেষ করে কিপাররা।  সে সেঞ্চুরি করত, বোলারদের আক্রমণ করত, কিন্তু কখনো একটি শব্দও বলত না মুখে। কিপাররা চেষ্টা করত তাকে বিরক্ত করতে যেন আউট করা যায়, কিন্তু সে কখনোই প্রতিক্রিয়া দেখায়নি।’