আগামী সপ্তাহ থেকে একক পর্যায়ে অনুশীলন শুরু করবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিভিন্ন কাউন্টি মাঠে কোচ, ফিজিও এবং সম্ভব হলে ট্রেনারের উপস্থিতিতে অনুশীলন করবেন বোলাররা। এর দুই সপ্তাহ পর অনুশীলন শুরু করবেন বাকি ক্রিকেটাররা, জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক অ্যাশলি জাইলস। সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া সিরিজগুলোও আয়োজন করতে মুখিয়ে আছে ইসিবি। সে লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করতে চায় দলটি। চুক্তিবদ্ধ ও কাউন্টি দলের খেলোয়াড় মিলে প্রায় ৩০ জন ক্রিকেটারকে ১১টি ভেন্যুতে অনুশীলনের জন্য ডাকা হবে। খেলোয়াড় ও ভেন্যু ঠিক করা হবে আগামী সোমবার। কিছু কাউন্টি কোচ ও স্টাফদেরও সহায়তা নিবে ইসিবি।
