পীরগঞ্জে বিরল প্রজাতির ৩০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে বিরল প্রজাতির ৩০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তামলাই পুকুরের পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করে স্থানীয়রা। পরে কচ্ছপটি উপজেলা প্রশাসন দিনাজপুর বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

পুকুর মালিক আবু রায়হান জানান, পুকুরটি হাজার বছরের পুরানো। এ পুকুরের পানি কখনো শুকায় না। উদ্ধারকৃত কচ্ছপের বয়স শত বছর হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, উদ্ধারকৃত কচ্ছপটি বিরল প্রজাতির। সাধারণত সমতল অঞ্চলে এত বড়ো কচ্ছপ পাওয়া যায় না। রাতেই আমরা কচ্ছপটি পুকুর মালিকের বাড়ি থেকে নিয়ে আসি এবং দিনাজপুর বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।