উপকূলীয় চরাঞ্চলে ঈদের কাপড় ও খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী

আপডেট : ১৫ মে ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশের উপকূলীয় চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বাসবাসকারী অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে ঈদের কাপড় ও খাদ্য সহায়তা প্রদান করছে নৌবাহিনী। সন্দ্বীপ, হাতিয়াসহ উপকূলীয় এসব এলাকায় নিয়োজিত নৌবাহিনী কনটিনজেন্টের সদস্যরা দরিদ্র এসব পরিবারের সদস্যদের হাতে গতকাল শুক্রবার জামা, পাঞ্জাবিসহ বিভিন্ন ঈদের পোশাক তুলে দেন। পাশাপাশি তাদের সহায়তায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া তারা স্থানীয়দের মধ্যে জীবাণুনাশক সাবান, মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে।

সন্দ্বীপে নিয়োজিত নৌ কনটিনজেন্ট স্থানীয় চরাঞ্চলের প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে ঈদের পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করে। এছাড়া হাতিয়ায় নিয়োজিত নৌ কনটিনজেন্ট স্থানীয় ২০০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে। অন্য দিকে, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ১১০ প্যাকেট ত্রাণসামগ্রী মংলা কনটিনজেন্ট উপজেলার চিলা ইউনিয়নের স্থানীয় গরিব, দুস্থ ও কর্মহীন পরিবারের মধ্যে বিতরণ করা হয়।