বাবার কবরে চিরঘুমে অধ্যাপক আনিসুজ্জামান

আপডেট : ১৫ মে ২০২০, ২২:৫০

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরেই তার দাফন সম্পন্ন হয়।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, আনিসুজ্জামানের জামাতা আজিমুল হক, ভাই আখতারুজ্জামানসহ       কয়েক জন আত্মীয় উপস্থিত ছিলেন।

আনন্দ জামান বলেন, গতকাল সকাল ৯টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক আব্বার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহে জাতীয় পতাকা দিয়ে জড়িয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে|

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম। জানাজার নামাজ পড়ান মারকাজুল ইসলামের মাওলানা ফরিদ উদ্দিন।

অধ্যাপক আনিসুজ্জামানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার দেন ধানমন্ডি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, সমাজকল্যাণ কর্মকর্তা শাহাদাত হোসেন, রাজারবাগ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক আব্দুর রহমানসহ কয়েক জন পুলিশ সদস্য।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ জানান, দুপুরে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অধ্যাপক আনিসুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।

গত বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। পরে রাতে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ফলে শ্রদ্ধাঞ্জলি পর্ব বাতিল করা হয়। সরকারি বিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।