যুক্তরাষ্ট্রের চাকরিচ্যুত এক স্বাস্থ্য কর্মকর্তা কংগ্রেসের শুনানিতে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র সাম্প্র্রতিক সময়ের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীতকালের মুখোমুখি হতে পারে। এই শীতেই সংক্রমণের পুনরুত্থান হতে পারে। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রিক ব্রাইট। কিন্তু গত এপ্রিলে তাকে অপসারণ করা হয়। কংগ্রেস শুনানিতে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত পরামর্শ অনুযায়ী চিকিত্সা করার বিষয়ে মানুষকে সতর্ক করার কারণেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘অসন্তুষ্ট কর্মী’ হিসেবে অভিহিত করে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। খবর : বিবিসি।
কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যদের নিয়ে তৈরি স্বাস্থ্যবিষয়ক সাব কমিটিকে রিক ব্রাইট বলেন, যুক্তরাষ্ট্রে বহু প্রাণহানি হয়েছে। কারণ প্রাদুর্ভাবের শুরুর দিকে সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি বলেন, উপকরণের ঘাটতির কথা জানিয়ে জানুয়ারিতেই তিনি সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাননি।
তার অভিযোগ কংগ্রেসের বরাদ্দ করা অর্থ প্রতিষেধক বা অন্য প্রযুক্তি, যেগুলোর সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেগুলোর পেছনে ব্যয় না করে বৈজ্ঞানিকভাবে সমর্থিত প্রক্রিয়ার উন্নয়নে খরচ করা প্রয়োজন—এমন মত দেওয়ার কারণে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়। তিনি বলেন, আমি তখনো বলেছি এবং এখনো বলছি, এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া উচিত বিজ্ঞানের, রাজনীতির নয়। রিক ব্রাইট এসময় সতর্ক করেন যে, করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের কাজ করার সুযোগ দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারি তাহলে এই মহামারি আরো খারাপ পর্যায়ে যাবে এবং দীর্ঘায়িত হবে। নিখুঁত পরিকল্পনা না করা হলে ২০২০ এর শীতকাল হতে পারে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীত।
