৮০ বছরের এক বৃদ্ধ করোনাকে জয় করেছেন। সম্প্রতি ঐ বৃদ্ধ মোসলেম উদ্দিনকে চিকিত্সার জন্য হাসপাতালে আনার পর চিকিত্সক ও নার্সরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন। তাকে সম্বোধন করে চিঠিও দেওয়া হয়। এটা দেখেই মোসলেম উদ্দিনের মনোবল বেড়ে যায়। শুরু হয় করোনার সঙ্গে যুদ্ধ। বয়স বেশি হওয়ার কারণে নানা রকম শারীরিক জটিলতা ছিল তার। কিন্তু গত ৬ মে সকালে করোনা আক্রান্ত মোসলেম উদ্দিনের হাতে পৌঁছে আরেকটি চিঠি। আর সেই চিঠি পেয়ে যেন নতুন জীবন ফিরে পান তিনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক তাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। এরপর তাকে আবারও ফুল দিয়েই হাসপাতাল থেকে বিদায় জানিয়েছেন চিকিত্সকরা। ঘটনাটি ঘটেছে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে।
প্রসঙ্গত, ঢাকা থেকে রংপুরের বদরগঞ্জে মেয়ের বাড়িতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মোসলেম উদ্দিন। দেশে করোনা রোগীর চিকিত্সায় একমাত্র এই হাসপাতালে কোনো নতুন রোগী যাওয়া মাত্রই একটি চিঠি ও ফুল দিয়ে বরণ করে নেন চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এরপর ঐ রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় একইভাবে ফুল দিয়ে বিদায় জানানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুন নবী ইত্তেফাককে বলেন, গত ৩১ মার্চ হাসপাতালটি চালু হয়। বুধবার পর্যন্ত ৪৩ জন ভর্তি হয়েছে। ভর্তিকৃতদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রোগীদের ফুল ও চিঠি দিয়ে সংবর্ধনা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আমার একদম ব্যক্তিগত উদ্যোগে করা। মানুষের নানা আচরণ দেখে করোনা রোগী সাধারণত মানসিকভাবে আতঙ্কে থাকেন। তখন তাকে সান্ত্বনা দেওয়া প্রয়োজন হয়। আর এজন্যই তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেওয়া হয়। ফুল দেওয়া হয়। বিদায়ের দিন আমরা সব চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে হাত তালি দিয়ে তাকে বিদায় জানাই।
