এত কঠোর তদারকির পরও রোহিঙ্গাদের মধ্যে থাবা বসিয়েছে চলমান বিশ্ব আতঙ্ক প্রাণঘাতী করোনা ভাইরাস। বৃহস্পতিবার উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের এক তরুণ রোহিঙ্গার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসার এক দিনের মাথায় গতকাল শুক্রবার আরো তিন রোহিঙ্গার করোনা পজিটিভ মিলেছে। এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১৫ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৮ জন।
দীর্ঘ কঠোরতার পরও ক্যাম্পের গাদাগাদি পরিবেশে করোনা পজিটিভ আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার হতাশ বা আতঙ্কিত নন বলে উল্লেখ করেছেন। সামনে আরো আক্রান্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। চিকিত্সার মাধ্যমে করোনাকে জয় করার প্রস্তুতি ক্যাম্প এলাকায় নেওয়া রয়েছে।
এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র আন্দ্রেজ মাহেজিক বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কারোনার বিস্তার ঠেকানোর জন্য জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এজন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। গতকাল জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে করোনা বিস্তারের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, খুবই অল্প জায়গায় প্রায় ১৩ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণ বাস করছে। এটি একটি বড়ো ঝুঁকি।
