মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৬

g মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মহঝিল এলাকায় মঙ্গলবার সকালে পারিবারিক কলহের কারণে ছোটভাই মনি শংকর ব্যানার্জীর দায়ের আঘাতে খুন হয়েছে বড় ভাই দুলাল ব্যানার্জী (৩৫)। সন্ধ্যায় এলাকার মেম্বার লতিফ হোসেনের নেতৃত্বে এলাকাবাসী খুনি মনি শংকর ব্যানার্জীকে দাসহ তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের হাতে সোপর্দ করেছে । তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় খুনি মনি শংকর ব্যানার্জীকে দাসহ আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সুরমা চা বাগানের চা শ্রমিক মহঝিলের শিবচরণ ব্যানার্জীর ছোট ছেলে মনি শংকর ২ বছর পূর্বে পারকুল চা বাগানে রিক্তা নামের এক মেয়েকে বিয়ে করেছিল  কিন্তু তারা সংসার করতে পারেনি। সম্প্রতি তাদের  বিবাহ বিচ্ছেদ ঘটে। এর জন্যে মনি শংকর দায়ী করে বড় ভাই দুলাল ব্যানার্জীকে। এ নিয়ে দুই ভাইয়ে তিক্ততা ছিল। মঙ্গলবার সকালে দুলাল বাগান থেকে বাড়িতে আসলে মনি শংকর ধারালো দা দিয়ে গলায় আঘাত করে বাগানের জঙ্গলে পালিয়ে যায়।