করোনা তুই মরবি কবে বল

আপডেট : ১৬ মে ২০২০, ২২:১৭

এই সময়ের ছড়া 

জ্যোতির্ময় সেন

 

বিশ্বশত্রু করোনা তুই মরবি কবে বল?

তোর কারণে কত মানুষ ফেলছে চোখের জল।

       আতঙ্কে আজ বিশ্ববাসী

       কারো মুখে নেই সে হাসি,

       স্বপ্ন ভেঙে রাশি রাশি

তুই নামালি জগত্ মাঝে এ কোন দুখের ঢল?

বিশ্বশত্রু করোনা তুই মরবি কবে বল?

       মরছে মানুষ হাজার হাজার

       কেউ নিরাপদ নয় তো আজ আর

       বন্ধ রাস্তাঘাট ও বাজার,

বন্ধ অফিস, কলকারখানা, বন্ধ শপিংমল।

ও করোনা ভাইরাস তুই মরবি কবে বল?

       ভাল্লাগে না ঘরে থাকা

       নিজেকে গুটিয়ে রাখা

       মনটা বেজায় শূন্য, ফাঁকা

কোথায় জীবন? চঞ্চলতা? কোথায় কোলাহল?

চিরশত্রু করোনা তুই মরবি কবে বল?

       করিস না আর দাপাদাপি

       ছোঁয়াচে তুই, নোংরা, পাপী

       বন্ধ ক’রে পাপের ঝাঁপি

হোয়াংহোতে মর ডুবে তুই সর্বনাশী, খল;

পোড়ারমুখী করোনা তুই ভাগবি কবে বল?

       বিশ্বে আবার আসবে শান্তি

       দূর হবে সব ভ্রম-ভ্রান্তি

       ঘুচবে জ্বালা, দুঃখ, ক্লান্তি

ভালোবাসার সরোবরে ফুটবে শতদল;

বাঁচার চেষ্টা করোনা তোর সব হবে নিষ্ফল।