বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাসপাতালটির নবনির্মিত কোভিড ডেডিকেটেড ২০০ বেডের আইসোলেশন ভবনটি উদ্বোধন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি এটি উদ্বোধন করেন। আনোয়ার খান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ২০০ বেডের আনোয়ার খান মেডিক্যাল কলেজটি দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই হাসপাতালে সম্পূর্ণ নতুন ২০০টি বেড, ১০টি আইসিইউ, ১০টি এইচডিও ও ৫টি ভেন্টিলেটর রয়েছে। এর পাশাপাশি কোভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে। মাত্র ১৯ দিনে হাসপাতালটি প্রস্তুত করে দিয়ে কর্তৃপক্ষ সরকারের কাজ সহজ করে দিয়েছে। এটি নিয়ে ঢাকায় এখন ১৪ টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলো।এই হাসপাতালগুলির মাধ্যমে ঢাকায় বর্তমানে অন্তত ১৫-২০ হাজার মানুষের চিকিত্সার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর পরও প্রয়োজন হলে সরকারের আরো বেডসংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে আছে।’
দেশে কোভিড নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো সবরকমের কাজই করে যাচ্ছে। টেস্টিং সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, ৪২টি ল্যাব স্থাপন করা হয়েছে,২০ লাখেরও বেশি পিপিই সংগ্রহ করা হয়েছে, ১ লাখেরও বেশি টেস্টিং কিটস সংগ্রহে রাখা আছে, মাত্র ১০ দিনেই নতুন ৭০০০ হাজার চিকিত্সক-নার্স নিয়োগ দেওয়া হয়েছে, বেশকিছু টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে, বিশেষজ্ঞ চিকিত্সকদের মাধ্যমে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, চিকিত্সক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে জানান। এর পাশাপাশি দেশে প্লাজমা থেরাপিসহ উন্নত বিশ্বের কোভিড ওষুধ রেমডিসিভিরও দ্রুত প্রয়োগের চিন্তাভাবনাও সরকারের মাথায় নেওয়া আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রী ঘুরে ঘুরে হাসপাতালটির বিভিন্ন কোভিড ইউনিট পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন।
আনোয়ার খান মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও আনোয়ার খান৬ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর এখলাসুর রহমান প্রমুখ।
