ধামরাইয়ে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৪৩

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে পাঁচ মাসের বকেয়া বেতন, ২০১৯ সালের উত্সব ভাতা, ২০১৪ সালের ওভারটাইমের দাবিতে গতকাল শনিবার আবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার স্টিল মিলের শ্রমিকরা। এর আগে একই দাবিতে গত ১১ এপ্রিল তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। গতকাল বকেয়া বেতন-ভাতার দাবিতে স্টিলমিল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিলে শিল্পপুলিশ এসে তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এ সময় শিল্পপুলিশ কর্মকর্তা মহিউদ্দিন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং সাংবাদিকের ক্যামেরা থেকে ছবি ডিলিট করার চেষ্টা করেন। ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপনসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ এ ঘটনার প্রতিবাদ করেন।