অচিরেই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ --- নাসিম

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। তবে অচিরেই এই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ। করোনায় বিশ্ব অর্থনীতির বড়ো বিপর্যয় ঘটলেও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার লড়াই শুরু হয়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। গতকাল শনিবার সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে পবিত্র ঈদ সামনে রেখে মোহাম্মদ নাসিমের নিজস্ব অর্থায়নে ৫০০ দরিদ্র মানুষের সামনে ময়দা, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে ডিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঈদ উপহার কর্মসূচি কার্যক্রম উদ্বোধনকালে মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দরিদ্র কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে নগদ আড়াই হাজার টাকা বিতরণের উদ্বোধন করে একজন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ভিডিও কনফারেন্সে অপর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনমহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।