ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিলেন তাপস

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৪৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল শনিবার নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় মেয়রের স্ত্রী আফরিন তাপসও উপস্থিত ছিলেন। পরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে শেখ ফজলে নূর তাপস বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে যেটা বলেছিলাম, ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করব। সেই পরিকল্পনা নিয়ে রবিবার থেকে কাজ শুরু করব। তবে অগ্রাধিকার পাবে পাঁচ বিষয়। বিষয়গুলো হচ্ছে—করোনা মোকাবিলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিশ্চিতে কাজ করব। তাপস বলেন, আগেও বলেছি দুর্নীতি রোধ করব। এখনো বলছি প্রথম থেকেই ডিএসসিসির দুর্নীতি রোধে কাজ করব। আমাদের লক্ষ্য থাকবে ঢাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা।

তিনি বলেন, মশক নিধনে যেসব দেশ সফল তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেব। অন্যান্য দেশের ভালো কাজগুলো নিয়ে কাজের পরিকল্পনা করব। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। আরো বেগবান করব।