লাইসেন্স নবায়নের আগ্রহ নেই ডিলারদের
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রোজায় দাম স্বাভাবিক রাখতে খোলাবাজারে পণ্য বিক্রির কার্যক্রম চালু করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাঁচ বছর ধরে এই পণ্য বিক্রি হচ্ছে না। স্থানীয়দের দাবি দ্রুত এই সমস্যা সমাধান করে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হোক।
তবে ডিলাররা বলছেন, তারা টিসিবির পণ্য বিক্রি করতে আগ্রহী। কিন্তু জেলার মধ্যে কোনো ডিস্ট্রিবিউশন পয়েন্ট না থাকায় এই পণ্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে আনতে হয়।
ডিলার দিদার হোসেন দেলু বলেন, জেলা ও আশপাশের জেলায় টিসিবির কোনো ডিস্ট্রিবিউশন সেন্টার না থাকায় কুমিল্লা বা চট্টগ্রাম থেকে ট্রাকে করে পণ্য এনে লাভ তো হয়ই না বরং লোকসান গুনতে হয়। পণ্যে কেজিতে চার টাকা কমিশন দেয়; দূর থেকে মালামাল আনতে গিয়ে প্রতি মালামালেই ঘাটতি হয়। ৫০ কেজির চিনির বস্তা গলে হয় চার কেজি। তাই ঐ সব পণ্যে লাভ করতে হলে অসদুপায় অবলম্বন করতে হবে। অসদুপায় অবলম্বন করলে পুলিশ ধরবে। তাই আমরা বিক্রি করছি না।
টিসিবির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ডিলার নিয়োগ ও বাতিল প্রক্রিয়া টিসিবির ঢাকা প্রধান কার্যালয় থেকে হয়ে থাকে। কুমিল্লা কার্যালয় থেকে শুধু ডিলারদের পণ্যসামগ্রী সরবরাহ করা হয়। রায়পুরের কোনো ডিলারই পণ্য নিতে আসেন না। এর মধ্যে চেম্বার অব কমার্স তাদের লাইসেন্স নবায়ন করে পণ্য তুলতে বেশ কয়েক বার চিঠি দিয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, টিসিবির মাধ্যমে খোলাবাজারে পণ্য বিষয়ে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কিন্তু তারা কেন পণ্য বিক্রি এখনো করছে না তা আমরা খোঁজ খবর নিয়ে ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিলাররা লাইসেন্স নবায়ন ও পণ্য উত্তোলনের ব্যবস্থা না করে তাদের লাইসেন্স বাতিলসহ নতুন ডিলার নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।
