টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে ময়লার স্তূপ থেকে চাঁদনী আক্তার (৭) নামের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। শনিবার সকালে মধুমিতা রেল গেইট এলাকার একটি ময়লার স্তূপ থেকে এই লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে লাশটি।
নিহত শিশুটি সুনামগঞ্জ জেলার শালথা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
