করোনা :ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করছে ইতালি

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫১

অর্থনীতি পুনরায় চালু করতে একটি বড়ো পদক্ষেপ

g বিবিসি ও রয়টার্স

করোনা ভাইরাসের  কারণে সৃষ্ট  লকডাউন  পরিস্থিতি শিথিল করছে ইউরোপের দেশ ইতালি। দেশটির সরকার এক ডিক্রি সই  করেছে, যা ৩ জুনের পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিষেধাজ্ঞাও একই দিন তুলে নেবে দেশটি। এটাকে দুই মাসের বেশি লকডাউনের পর দেশটির অর্থনীতি পুনরায় চালু করার প্রচেষ্টার একটি বড়ো পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হার ইতালিতে। তবে সাম্প্রতিক দিনগুলোতে এখানে সংক্রমণের তীব্রতা কমেছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে শনিবার পযন্ত ৩১ হাজার ৬০০ মানুষ মারা গেছেন, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় সর্বোচ্চ। গত ফেব্রুয়ারিতে ইতালির উত্তরাঞ্চলে করোনার প্রকোপ বাড়তে থাকায় ইউরোপে প্রথম দেশ হিসেবে দেশজুড়ে লকডাউন দেওয়া হয়। এ মাসের শুরুর দিক থেকে লকডাউন শিথিল করতে শুরু করে ইতালি। ওই সময় কারখানা ও পার্ক খুলে দেওয়া হয়।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে শনিবার নতুন ডিক্রিতে সই করেন। ডিক্রিতে আগামী ৩ জুন ইতালির আকাশপথের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা বলা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে গেলে ইতালির নাগরিকরা দেশজুড়ে অবাধে চলাচল করাসহ চাইলে অন্য দেশেও যেতে পারবেন এবং বিদেশি নাগরিকরাও ইতালি ভ্রমণ করতে পারবেন। দেশটির কয়েকটি অঞ্চল থেকে দ্রুত লকডাউন তুলে নেওয়ার কথা বলা হলেও কন্তে বলেন, সংক্রমণের দ্বিতীয় ধাক্কা এড়াতে ধীরে ধীরে সবকিছু চালু করা হবে। ১৮ মে থেকে দোকান ও রেস্তোরাঁ চালু হবে, যেখানে সামাজিক দূরত্ব মানতে হবে। ওই দিন থেকে ক্যাথলিক চার্চও খুলে দেওয়া হবে। সেখানে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এক সময় করোনা ভাইরাস ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়া ইতালি দৈনিক মৃত্যুহার কমার লক্ষণ দেখে নতুন ঘোষণা দিচ্ছে। ২৭ মার্চ দেশটিতে একদিনে যেখানে ৯০০ জনের মৃত্যু ঘটে, গতকাল সেখানে মারা গেছে ২৬২ জন। ইতালির সরকার দেশটির ব্যবসায়ী ও পরিবারের জন্য উদ্দীপনামূলক প্যাকেজ হিসেবে ৫৫ বিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে। ইউরোপজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুহার কমে আসায় লকডাউন শিথিল হতে শুরু করেছে। পর্তুগাল, স্পেন ও গ্রিস তাদের করোনাবিষয়ক ব্যবস্থা শিথিল করেছে।