খেলার ধরনে পরিবর্তন চান মেসি

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫৩

স্পোর্টস ডেস্ক

শেষ চ্যাম্পিয়নস লিগ জেতার পাঁচ বছর পেরিয়ে গেছে বার্সেলোনার। এই সময়ে মোটে একবার সেমিফাইনাল খেলেছে দলটি, বাকি চারবারই কোয়ার্টার ফাইনালে আটকেছে কাতালানদের ইউরোপসেরার স্বপ্ন। অধিনায়ক লিওনেল মেসি দলের এমন ব্যর্থতার জন্য দুষছেন নিজেদের খেলার ধরনকে।

সম্প্রতি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেন, ‘নিজেদের স্কোয়াড নিয়ে কখনোই আমার সন্দেহ ছিল না। এমনকি সব শিরোপা জেতার ইচ্ছা নিয়েও আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমরা যেভাবে খেলছি, তাতে সেটা সম্ভব নয় মোটেও।’

মাস দুয়েক আগে কোচ কিকে সেতিয়েন এই দল নিয়েই অবশ্য চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন। তার কিছু আগেই মেসি নিজেদের চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন।

সে ব্যাপারটিও এদিন পরিষ্কার করেন মেসি। বললেন, ‘আমার মনে হয়, আমি যা বলেছি কোচ সেটা বোঝেননি। অথবা এমনও হতে পারে, আমি যা বলতে চেয়েছিলাম সেটা তার কাছে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, ফুটবল স্থগিত হওয়ার আগে আমরা যেভাবে খেলছিলাম, তাতে চ্যাম্পিয়নস লিগ জেতা কোনোভাবেই সম্ভব নয়।’

করোনার কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ আছে স্প্যানিশ লিগ। এতে করে ফরোয়ার্ড লুই সুয়ারেজ আর উসমান দেম্বেলে চোট থেকে সেরে ওঠার জন্য পেয়েছেন বাড়তি সময়। মেসি জানালেন, এই স্থগিতাদেশ, উপকারই বয়ে আনতে পারে দলের জন্য।

বার্সা অধিনায়কের ভাষ্য, ‘বিরতিটা আমাদের জন্য ভালোই হতে পারে, তবে তারা প্রতিযোগিতাগুলো শুরু করতে পারবে কি না, তার অপেক্ষায় থাকতে হবে আমাদের। তারপর আমরা নিজেদের সব সন্দেহ পেছনে ফেলতে পারব। কারণ মৌসুমটা শুরু হলেই আমরা নিজেদের মান যাচাই কিংবা লক্ষ্য নির্ধারণ করতে পারব।’

এদিকে দল অনুশীলনে ফিরেছে প্রায় এক সপ্তাহ হতে চলল। তবু মেসি জানালেন, বাড়তি সতর্কতা মেনে চলতেই হবে সবাইকে। তিনি বলেন, ‘অনুশীলনে ফিরে যাওয়াটা একটা প্রথম ধাপ, কিন্তু নিজেদের বিশ্বাস করা উচিত নয় আমাদের। সব ধরনের প্রয়োজনীয় বাড়তি সতর্কতা মেনে চলতেই হবে আমাদের, আর এ কথাটাও মাথায় রাখতে হবে যে সময় হলে মাঠে নামতেই হবে আমাদের, যদিও সেটা দর্শকহীন স্টেডিয়ামে।’