প্রত্যাশার চাপ মেটানোর দায় বায়ার্নের

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫৫

স্পোর্টস ডেস্ক

শীর্ষ পাঁচ ইউরোপীয় লিগের একটি বুন্ডেসলিগা করোনা ভাইরাসের স্থগিতাদেশ কাটিয়ে মাঠে ফিরেছে গতকাল। সে লিগের সবচেয়ে ডাকাবুকো দল বায়ার্ন মিউনিখ বলেই কিনা দলের ওপর থাকবে প্রত্যাশার চাপ। আজ রবিবার রাতে যখন দলটি ইউনিয়ন বার্লিনের বিপক্ষে মাঠে নামবে, তার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন কোচ হ্যান্সি ফ্লিক। 

‘ডাগআউটে বেশ কিছু ফেসমাস্ক ছাড়া তেমন কিছু তো বদলাচ্ছে না!’ বায়ার্ন মিউনিখ কোচ হ্যান্সি ফ্লিক যতই বলুন, মার্চে খেলা শেষ ম্যাচ আর এ ম্যাচের পার্থক্য বিস্তর। কথাটা যেখানে বললেন, সে সংবাদ সম্মেলনটাই যেমন হলো ঘরে বসে!

পরিবর্তন আরো আছে বৈকি! স্থগিত হওয়ার আগের চেয়ে এখন বুন্ডেসলিগার আন্তর্জাতিক দর্শকের পরিমাণও বাড়বে ঢের। ব্যাপারটা আঁচ করতে পেরে ফ্লিক জানালেন, দর্শকদের মন ভরানো নৈপুণ্যই দেখাতে চায় তার দল।

বললেন, ‘আমরা আলোচনা করেছি যে দর্শকরা কী করতে পারেন আর কী আশা করবেন। প্রায় ২০০-রও বেশি দেশ আমাদের দেখবে, তাই অনেক বড়ো দর্শকদেরকে নিজেদের নৈপুণ্য দেখানোর সুযোগ পেয়েছি আমরা। আমরা সেরা নৈপুণ্যটাই দেখাতে চাই।’

দুই মাসের ক্ষতি পুষিয়ে নিতে ঠাসা সূচিতে শেষ করা হবে লিগ। এই ধকল এড়াতে বদলি বাড়ানোর অনুমোদনও দিয়েছে বুন্ডেসলিগা কর্তৃপক্ষ। ফ্লিক একে সাধুবাদই জানালেন, ৯০ মিনিটে কী করতে পারব আমরা তা জানি না। অনুশীলনে নিজেদের ভেতরে কিছু ম্যাচ খেলেছি যেখানে বেশ তীব্রতাই চোখে পড়েছে। কিন্তু পরিষ্কার বলতে গেলে, আমরা আসলেই জানি না যে আমরা কোথায় আছি! এই পরিস্থিতিটাকে সামলাতে হবে, কোনো সন্দেহ থাকা চলবে না। সেক্ষেত্রে এই বদলি বাড়ানোর সিদ্ধান্তটা কাজে দেবে।’