স্পোর্টস রিপোর্টার
বছরের শুরুতে বাংলাদেশকে বিশ্বসেরার গৌরব এনে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো দেশকে যুব বিশ্বকাপ এনে দিয়েছেন আকবর আলীরা। বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর সেই ঐতিহাসিক ফাইনালে তার ব্যবহূত জার্সি আর গ্লাভস নিলামে তুলেছিলেন। বিক্রউত অর্থ করোনাদুর্গতদের সাহায্যার্থে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। আকবরের সেই বিশ্বকাপ স্মারক ১ লাখ ৭০ হাজার (২ হাজার মার্কিন ডলার) টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার রাতে একটি অনলাইন প্ল্যাটফরমে নিলাম শেষ হয়েছে। সেখানে আকবরের বিশ্বকাপজয়ের সেই স্মারক কিনেছেন রিয়াজুল ইসলাম জুয়েল নামের এক প্রবাসী বাংলাদেশি। করোনার কঠিন সময়ে নানাভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আকবর। তার জার্সি ও গ্লাভস বিক্রির পুরো অর্থই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। এর আগে বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অংশ হিসেবে কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) করোনা তহবিলে অনুদান দিয়েছেন আকবর।
