ঘূর্ণিঝড় আম্ফান চলাকালে বরিশালের আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জেলার আড়াই শ সাইক্লোন শেল্টারের পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঝড় আঘাত হানার আগেই আগামী তিন দিনের মধ্যে খেতের সব বোরো ধান কাটার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এই নির্দেশনা দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সবাইকে ঝড় মোকাবিলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ঝড়ের সময়ও যাতে করোনার বিস্তৃতি না ঘটে, সে জন্য সব স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন তিনি। এলজিইডি কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় তথ্য কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
