গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৬ মে ২০২০, ২৩:০২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার রাতে স্থানীয় থানায় মামলা করা হয়। এদিকে এ মামলার মূল হোতা মুন্নাকে (১৮) শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তালুককাণুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের দক্ষিণ পাড়ার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মুন্না মিয়া চার-পাঁচ জন সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে ঐ কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পার্শ্ববর্তী একটি আখ খেতে নিয়ে মুন্না মেয়েটিকে উপর্যুপরি ধর্ষণ করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়।

পুলিশ জানায়, এ বিষয়ে থানায় মামলা হলে গতকাল শনিবার সকালে বাড়ি থেকে মুন্নাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার তদন্তকারী অফিসার আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ধর্ষিত স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’