নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট : ১৬ মে ২০২০, ২৩:০৫

ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়ার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চালসহ সরকারি সহায়তার কার্ড বিতরণে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পাড়াগ্রাম বাজারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করে এলাকাবাসী। এর আগে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হক পিলু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সুজন, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ,  ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শেখ আব্দুল হালিম। 

পরে এলাকাবাসী সাংবাদিকদের সামনে লিখিত অভিযোগ পাঠ করে শোনান। এলাকাবাসীর দাবি, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির তালিকায় অনেকের নাম থাকলেও তা পায়নি ভুক্তভোগীরা। কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়া অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমাকে হেয় করতে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।