করোনায় অসহায় মানুষের মধ্যে যুবলীগের ত্রাণ সহায়তা অব্যাহত

আপডেট : ১৭ মে ২০২০, ০০:২০

ঢাকা মহানগর উত্তরের ৬৫টি ওয়ার্ডের ত্রাণ কমিটির কাছে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তাসামগ্রী তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। ওয়ার্ডে ওয়ার্ডে গঠিত ত্রাণ কমিটি এসব সামগ্রী করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করবে। প্রধানমন্ত্রীর দেওয়া এসব উপহার খাদ্যসামগ্রী হস্তান্তর করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে যু্বলীগ সবসময় আছে, থাকবে। এরই অংশ হিসেবে ঢাকা উত্তরের ৬৫টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিচ্ছে যুবলীগের নেতাকর্মীরা।