যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪২ জন বাংলাদেশি আজ দেশে ফিরছেন

আপডেট : ১৭ মে ২০২০, ০০:২০

করোনা ভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে আটকা পড়া ২৪২ জন বাংলাদেশি আজ রবিবার ভোরে দেশে ফিরছেন। শুক্রবার রাতে তাদের বহনকারী কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি) ত্যাগ করেছে। বাংলাদেশি যাত্রীদের বিমানবন্দরে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। এসময় দূতাবাসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা প্রযুক্তিগত বিরতির পর রবিবার ভোর ৪টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থী, পর্যটন ও ব্যবসায় ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি নাগরিক এবং কিছু সরকারি ও বেসরকারি কর্মকর্তাও রয়েছেন। এছাড়া যাত্রীদের মধ্যে স্কুল এবং কলেজের ৪৯ শিক্ষার্থীও অন্তর্ভুক্ত রয়েছে যারা শিক্ষামূলক এবং সাংস্কৃতিক বিষয়াদি (ইসিএ) কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য কাতারের বিমান সংস্থার বিমানটি গত ৪ মে ভাড়া করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ৩০ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের দুই কনসুলেট তাদের ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের কাছ থেকে তথ্য চেয়ে একটি নোটিশ প্রচার করে।

এদিকে মালদ্বীপ থেকে আজ ফিরছেন ৭৭ বাংলাদেশি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তারা দেশে ফিরবেন বলে জানা গেছে। সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারকে জানায় যে তারা দেড় হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবেন। এরই মধ্যে বেশ কয়েকজন দেশে ফিরেছেন।

অন্যদিকে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে তারা তৃতীয় বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করছে। তৃতীয় এই বিশেষ ফ্লাইটটি আগামী ২৭ মে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।