দেউলিয়া হচ্ছে ১১৮ বছরের পুরোনো প্রতিষ্ঠান জেসি পেনি

আপডেট : ১৭ মে ২০২০, ২১:০২

ইত্তেফাক রিপোর্ট

করোনার প্রভাবে এবার ১১৮ বছরের পুরোনো মার্কিন চেইন ডিপার্টমেন্ট স্টোর জেসি পেনি দেউলিয়া হওয়ার পথে। ইতিমধ্যে নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে তারা। বিবিসি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে জেসি পেনি। ঋণ পরিশোধ করতে না পারলেও কোম্পানি পুনর্গঠন করার অনুমতি চাওয়া হয়েছে আবেদনে। জেসি পেনির যুক্তরাষ্ট্রে ৮৫০টির বেশি স্থানে স্টোর রয়েছে। খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে বেশ সুনাম রয়েছে তাদের। প্রায় ৮০ হাজার কর্মী কাজ করেন এই প্রতিষ্ঠানটিতে। এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ পরিশোধ করতে পানেনি। তখনই প্রতিষ্ঠানটি দেউলিয়া হবার খবর রটে যায়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ইতিমধ্যে কয়েকটি স্টোর বন্ধ করে দিয়েছে। গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি কমেছে রেকর্ড ১৬ দশমিক ৪ শতাংশ। জেসি পেনি ১৯০২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ৩০-এর দশকে মহামন্দাও পার করেছে। বিংশ শতাব্দীতে এসে বেশ ভালো ব্যবসা করছিল তারা। তবে অনলাইন শপিংয়ের প্রচলন হওয়ায় বেশ বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। গত কয়েক বছরে বেশকিছু স্টোর বন্ধ হয়ে যায়। (ছবি দিলেও হবে, না দিলেও হবে)