করোনা লড়াইয়ে শামিল কোয়াব

আপডেট : ১৭ মে ২০২০, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

বছরের সিংহভাগ সময় নিষ্ক্রিয়ই থাকে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। খুব একটা কার্যক্রম থাকে না সংগঠনটির। তবে করোনা ভাইরাসের এই সংকটে ঠিকই সরব হয়েছে কোয়াব। মানবিক উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে। বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের সাহায্য করছে কোয়াব। গতকাল করোনাকালে অর্থকষ্টে পড়ে যাওয়া সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ, সংগঠক, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, টিমবয়সহ ৩৯০ জনকে ১৭ লাখ ৩ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে কোয়াব।

এছাড়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বসবাসরত ৬০০ পরিবারকে খাদ্যসহায়তা দেয় কোয়াব। গতকাল সাধারণ সম্পাদক দেবব্রত পালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ ব্যানারে এক ছাতার নিচে এসেছিলেন ক্রিকেটাররা। পূর্ব ঘোষণা অনুযায়ী করোনা মোকাবিলায় তহবিল গঠনের প্রচেষ্টা চালায় কোয়াব। প্রথম শ্রেণির ক্রিকেটাররা এক মাসের অর্ধেক বেতন দেন এই তহবিলে। পরে বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলও কোয়াবের তহবিলে আর্থিক অনুদান দেয়। এছাড়া সাবেক ক্রিকেটাররা অর্থ দিয়েছেন এই তহবিলে।

গতকাল বিসিবি একাডেমি মাঠে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে কোয়াবের খাদ্যসাহায্য বণ্টন করা হয়। আর ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের মাঝে। গতকাল অনুষ্ঠানে কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, হাসিবুল হোসেন শান্ত, সেলিম শাহেদরা উপস্থিত ছিলেন।