বড়ো শাস্তির ঝুঁকি এড়ালেন ক্রিস গেইল। নিজের ব্যাখ্যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টুর্নামেন্ট কমিটিকে সন্তুষ্ট করতে পেরেছেন এই ব্যাটি দানব। জ্যামাইকা তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি ও রামনরেশ সারওয়ানকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের জন্য শাস্তি পেতে হচ্ছে না ক্যারিবিয়ান বাঁহাতি ওপেনারের। গত মাসের শেষ দিকে ইউটিউব ভিডিওতে জ্যামাইকা দল ও সারওয়ানকে আগ্রাসী ভাষায় আক্রমণ করেন গেইল। তিন বছরের চুক্তি থাকলেও এক বছর পরই জ্যামাইকা ছেড়ে দেয় গেইলকে। তিনি নাম লেখান সেন্ট লুসিয়া জুকসে। টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান এরপর পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগে তার সাবেক সতীর্থ ও জ্যামাইকার সহকারী কোচ সারওয়ানকে বলেছিলেন, ‘সাপ এবং করোনা ভাইরাসের চেয়েও খারাপ।’ জ্যামাইকা দলের মালিকদেরও কাঠগড়ায় তুলেছিলেন তিনি।
