লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৫

ইত্তেফাক ডেস্ক

চলতি মৌসুমে বিভিন্ন স্থানে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রংপুর : রবিবার দুপুরে রংপুর সদরের খাদ্য গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। জেলা প্রশাসক বলেন, রংপুরে ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারব বলে আশা করছি। এছাড়াও রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ লটারির মাধ্যমে হবে।

মির্জাপুর (টাঙ্গাইল) : রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক। ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য) ডলি আক্তার ও উপসহকারী খাদ্য পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, চলতি মৌসুমে মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৩ হাজার কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি ধরে লটারির মাধ্যমে ২৬ হাজার ২৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

কালিয়া (নড়াইল) : সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৮ হাজার জন কৃষকের মধ্যে থেকে নির্বাচন করা হয় ৪ হাজার ৬৩৪ জন কৃষক। রবিবার উপজেলা খাদ্য গুদামের সামনে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়। যাদের নিকট থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান কেনা হবে।

গৌরীপুর (ময়মনসিংহ) : রবিবার স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে সর্বমোট ১৩ হাজার ৩৯০ জন কৃষক ধান বিক্রির আবেদন করেন। তাদের মাঝে লটারির মাধ্যমে পৌরসভায় ২০৮ জন ও প্রতি ইউনিয়নে ৩৪০ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে লটারির মাধ্যমে ৬৪ হাজার কৃষকদের কাছ থেকে চলতি মৌসুমে ধান কিনছে সরকার। রবিবার উপজেলা পরিষদ হলরুমে লটারির মাধ্যমে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া। উদ্বোধনী দিনে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ৪ হাজার ৮৮২ জন কৃষকের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। এতে ৪২৫ জন কৃষক লটারি বিজয়ী হন এবং ৩৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়।