শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া-ঢাকা মহাসড়কে মীর্জাপুরের কাছে যমুনাপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত নীলা খাতুন (৩৫) শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী। ও অর্পিতা সাহা (২০) ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে।
জানা গেছে, উত্তরবঙ্গ থেতে ঢাকাগামী একটি ট্রাক দুর্ঘটনাস্থলে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় অর্পিতা সাহা মারা যায়।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।
