গাজীপুর প্রতিনিধি
দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের একটি পোশাক কারখানায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষোভ ও অবরোধ তুলে নেন শ্রমিকরা।
জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, সকাল ১১টা দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ঐ পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শতভাগ বেতনের দাবিতে মনিপুর হোতাপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিকদের অভিযোগ, কারখানায় নিয়মিত কাজ করেও শতভাগ বেতন নিয়ে টালবাহানা করছে কর্তৃপক্ষ। বেতনের পাশাপাশি ঈদ বোনাস পরিশোধের দাবি তাদের ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে কারখানায় যারা কাজ করতে পারেননি, বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী শুধু তারাই বেতনের ৬০ শতাংশ পাবে। বাকি শ্রমিকরা শতভাগ বেতন পাবে। কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত মেনে নিলে দুপুরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
