উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড়ো বসুন্ধরা করোনা হাসপাতাল
বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিত্সা খাতকে শক্তিশালী করতে আরো নতুন অন্তত ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। খুব দ্রুতই এই টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হবে। গতকাল রবিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে করোনা মোকাবিলায় ২ হাজার বেডের অস্থায়ী হাসপাতাল কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
বসুন্ধরা করোনা ডেডিকেটেড অস্থায়ী হাসপাতালটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড হাসপাতাল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাত্র ২০ দিনের মধ্যে এ হাসপাতালটি (বসুন্ধরা অস্থায়ী কোভিড হাসপাতাল) সরকার প্রস্তুত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এই হাসপাতালে অত্যাধুনিক মোট ২০১৩টি আইসোলেটেড শয্যা রয়েছে যার মধ্যে ৭১টির সঙ্গে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা রয়েছে। এছাড়া এখানে আরো অন্তত ৪০০টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আইসিইউ ব্যবস্থাসহ এই হাসপাতালটি উন্নত দেশের কোভিড অস্থায়ী হাসপাতালের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় দেশে এখন প্লাজমা থেরাপির কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমেরিকার উত্পাদিত ওষুধ রেমডেসিভির এখন দেশেই তৈরি হচ্ছে এবং সরকার এ ওষুধ মজুত করছে।
নন কোভিড হাসপাতালে সাধারণ রোগীদের বাধ্যতামূলক চিকিত্সার জন্য সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও মানুষ ঘরে না থেকে বাইরে ভিড় করায় শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার প্রথম থেকেই একটি সুদূরপ্রসারী পরিকল্পনায় কাজ করেছে। যখন লকডাউন জরুরি ছিল তখনই লকডাউন করা হয়েছে, যখন শিথিল করা প্রয়োজন তখন স্বাস্থ্যবিধি বজায় রাখা সাপেক্ষে শিথিল করা হয়েছে। সব দিক বিবেচনা করে সরকার যা কিছু করছে তা ভেবেচিন্তেই করছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে করোনা মোকাবিলার পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে বড়ো ধরনের ক্ষতি থেকে রেহাই পাবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার প্রমুখ। গণমাধ্যমকর্মীদের জন্য বসুন্ধরা হাসপাতালে আলাদাভাবে ২০০ বেড বরাদ্দ রাখার আহ্বান জানান সায়েম সোবহান আনভীর। এদিকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিত্সাসেবা সুনিশ্চিত করার জন্য নতুন ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা।
