ভারতে এক দিনে আক্রান্ত বাড়ল প্রায় ৫ হাজার

আপডেট : ১৮ মে ২০২০, ০০:৩৩

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত বেড়েই চলছে। এক দিনে দেশটিতে প্রায় ৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তে করোনার উত্পত্তিস্থল চীনকে আগেই ছাড়িয়ে গেছে দেশটি। আক্রান্ত ও মৃত্যু কমাতে দেশটিতে লকডাউনের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নেপালে করোনায় প্রথমবারের মতো কারো মৃত্যু হয়েছে। তবে স্পেনে মৃতের সংখ্যা ক্রমেই কমছে।

লকডাউনেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ

রবিবারই ভারতে করোনা সংক্রমণ ৯০ হাজার পেরিয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৪ হাজার ৯৮৭ জন, যা রেকর্ড। এক দিনে মৃত্যু হয়েছে ১২০ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৮৭২ জন। সংক্রমণ ও মৃত্যুর হারের দিকে তাকিয়ে চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বেড়েছে। আজ থেকে শুরু হওয়া লকডাউনের এই পর্বে কোথায় কী বিধিনিষেধ জারি আছে এবং কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে—তা জানিয়ে একটি নির্দেশিকা জারি করেছে দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর। মেট্রোরেল ও বিমান পরিষেবা আপাতত বন্ধ থাকার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আন্তঃরাজ্য বাস চালানোর বিষয়টি রাজ্যের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকবে শপিংমল, সিনেমা হল ও রেস্তোরাঁও। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ থাকবে। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা যাবে।

অন্যান্য দেশের পরিস্থিতি

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। ৪৬ লাখ ৬২ হাজার মানুষ   কোভিড-১৯-এ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে নেপালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৯ বছর বয়সি এক নারী মারা গেছে। সেখানে মোট আক্রান্ত হয়েছে ২৯১ জন।

করোনার বিস্তার ঠেকাতে ফেসমাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার। কর্তৃপক্ষ বলেছে, আদেশ অমান্য করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে, তাছাড়া কাউকে একাধিকবার মুখ না ঢাকা অবস্থায় পাওয়া গেলে তার ৫৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের জরিমানা হতে পারে। রবিবার স্পেনে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা ছিল ৮৭ জন। গত দুই মাসের মধ্যে এই প্রথম একশয়ের নিচে নেমে এসেছে। সবচেয়ে কম পরীক্ষা করিয়ে ব্রাজিল শীর্ষ সংক্রমিত পাঁচ দেশে। মাত্র সাড়ে ৭ লাখের মতো পরীক্ষা করিয়ে ২ লাখ ৩৩ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত করেছে।—বিবিসি, আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকা