ঈদের স্বাদে ভিন্নতা

আপডেট : ১৮ মে ২০২০, ২০:৪১

ঈদের আনন্দকে ভাগ করে নিতে আমরা এই দিনে নিজ নিজ বাসায় আয়োজন করি মজাদার খাবারের। তাই আপনার আয়োজনে স্বাদের কিছুটা ভিন্নমাত্রা আনতে মজাদার ৪ পদের খাবারের রেসিপি দিয়েছেন হাসিনা আনসার

ক্রিমি বিফ বুটি

উপকরণ :গরুর মাংস ১ কেজি, তেল পরিমাণমতো, টকদই ৪/৫ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, কাছুরি মেথি ১ টেবিল চামচ, লেমন জুস ৪ টেবিল চামচ, আদা ও রসুন বাটা দেড় চা চামচ, পেপে বাটা ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ১০০ গ্রাম, ঘি ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, টিক্কা মশলা ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি :হাড় ছাড়া মাংস ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে তেল, দই, লেমন জুস, ফ্রেশক্রিম, ধনেপাতা ও কাঁচামরিচ ছাড়া বাকি সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ৪/৫ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল দিন, গরম হলে মেরিনেট করা গরুর মাংস দিন। মাংস থেকে পানি বের হলে সেই পানি দিয়েই  মাংস সেদ্ধ করুন।  পানি শুকিয়ে গেলে  ক্রিম ও লেবুর রস দিন। ৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। ভুনা হলে ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।    

ইয়াকখনি পোলাও

উপকরণ : বাসমতি চাল (৫০০ গ্রাম), মাটন (৭০০-৮০০ গ্রাম), তেল (১৫০ মিলি), ঘি (৫০ গ্রাম), আদা (৫০ গ্রাম), রসুন (২৫ গ্রাম), গরম মশলা (২৫ গ্রাম), সাজিরে (২৫ গ্রাম), শুকনো লঙ্কা (৫টি), পেঁয়াজ (১০০ গ্রাম), টমেটো (মাঝারি সাইজের ১টি), ধনে (২৫ গ্রাম), গোলমরিচ (২৫ গ্রাম), লঙ্কা গুঁড়ো (আধা চা-চামচ), নুন (স্বাদমতো)।

প্রণালি : আদা, রসুন ও পেঁয়াজ কুচিয়ে নিন এবং গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো করুন। একটা প্রেসার কুকারে তেল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে নেড়েচেড়ে গরম মশলা ও লঙ্কা দিয়ে মাটনটাও দিয়ে দিন। একটা কাপড়ে ধনে আর সাজিরে দিয়ে পুঁটুলি করে কুকারে দিয়ে রাখুন। তিন কাপ পরিমাণ জল দিয়ে কুকারের ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। চালটা ধুয়ে জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার অন্য একটা পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন। ১ চা-চামচ আদা ও রসুন বাটা দিন। আধা চামচ লঙ্কা গুঁড়ো এবং টমেটো কুচি দিয়ে কষান। পরিমাণমতো লবণ আর ১ কাপ জল দিয়ে ঢিমে আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিন। মাংস সিদ্ধ হয়ে গেলে জল থেকে আলাদা করুন এবং স্টকটা রেখে দিন। কষানো টমেটোর মধ্যে মাটনটা দিন এবং ভালো করে কষান। এবার ওর মধ্যে মাটনের স্টক, ৪ কাপ জল এবং ভিজিয়ে রাখা চালটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিন। ঢাকনার চারপাশে ভিজে কাপড় জড়িয়ে রাখুন যাতে গন্ধটা না বেরিয়ে যায়। ঢিমে আঁচে ৪০-৪৫ মিনিট রাখলেই রেডি ইয়াখনি পোলাও। এবার পরিবেশন করার পালা।

সেমাই বরফি

উপকরণ :সেমাই ২০০ গ্রাম, ঘি ৪ টেবিল চামচ, কনডেন্স মিল্ক ১ কাপ, এলাচ ২টি, শুকনা নারিকেল গুঁড়া ১/৩ কাপ, কাজুবাদাম (আধা ভাঙ্গা গুঁড়া) ৩ টেবিল চামচ ও পেস্তা বাদাম (আধা ভাঙ্গা গুঁড়া ) ৪ টেবিল চামচ।

প্রণালি :প্যানে ঘি গরম করে এর ভেতর এলাচি দিন। একটু নাড়াচাড়া করে ভেঙ্গে রাখা সেমাই দিতে হবে। ৪/৫ মিনিট ভাজতে হবে এবং সেইসঙ্গে অনবরত নাড়তে হবে। চুলার আঁচ কমিয়ে শুকনা নারিকেল ও কাজু বাদাম কুচি দিন। নাড়াচাড়া করে ভেজে সব শেষে কনডেনস মিল্ক দিন। ২-৩ মিনিট নেড়ে সব কিছু মিশিয়ে ঘি মাখা বাটিতে সেমাই ঢেলে চারদিকে ছড়িয়ে দিন। এবার এর উপর পেস্তা গুঁড়া (আধা ভাঙ্গা ) দিন। ঠান্ডা হলে বরফির আকারে কেটে নিয়ে পরিবেশন করুন।

সেমাইয়ের

শির খুরমা

উপকরণ :৫০ গ্রাম সেমাই, ৫ কাপ দুধ, ২০০ গ্রাম কনডেন্সড মিল্ক, এলাচ, আধা কাপ ঘি, পেস্তা বাদাম (কুচি), কাঠবাদাম (কুচি), কাজু (কুচি), ২ টেবিল চামচ কিসমিস ৬টি ও খেজুর (কুচি)।

প্রণালি :প্রথমে ঘিয়ে সেমাই ভেজে নিন। বাদামি হলে নামিয়ে ফেলুন। ঘিয়ে বাদাম কুচি ও তেজপাতা ভেজে নিন। এবার একটি পাত্রে দুধ ও কনডেন্সড মিল্ক জ্বাল দিন। তেজপাতা ও এলাচ দানা দিন। দুধ কিছুটা ঘন হয়ে ফুটে উঠলে সেমাই দিয়ে জ্বাল দিতে থাকুন। তারপর চিনি এবং খেজুর কুচি দিন। ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলুন। এবার ঠাণ্ডা করে উপরে ভেজে রাখা বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।