আগস্টেই মৌসুম শেষ করার লক্ষ্য উয়েফার

আপডেট : ১৮ মে ২০২০, ২১:২৪

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রভাবে প্রায় দুই মাস ইউরোপীয় ফুটবল স্থগিত থাকলেও সম্প্র্রতি অচলাবস্থা কাটতে শুরু করেছে। ইউরোপীয় ফুটবলের নীতিনির্ধারক সংস্থা উয়েফার আশাবাদ, আগস্টের মধ্যেই ইউরোপে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা শেষ করে ফেলতে পারবেন তারা।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে স্থবির হয়ে আছে বেশিরভাগ ইউরোপিয়ান লিগ। ফ্রান্স ও নেদারল্যান্ডস বাতিলই করে দিয়েছে তাদের লিগ। তবে বুন্ডেসলিগা মাঠে ফিরেছে গত শনিবার। স্পেন, ইতালিতেও আগামী মাস নাগাদ ফুটবল ফেরানোর তোড়জোড় চলছে। লিগগুলোর এমন তত্পরতা উয়েফা সভাপতিকে বাড়তি সাহস যোগাচ্ছে। আগস্টের মধ্যেই ইউরোপীয় মৌসুম শেষ করা যাবে বলে আশা করছেন সেফেরিন। সম্প্রতি বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমাদের একটি পরিকল্পনা আছে। তবে উয়েফা নির্বাহী কমিটির তারিখ চূড়ান্ত করার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আমি বলতে পারি, সবকিছু এখনকার মতো থাকলে আগস্টের মধ্যে ইউরোপিয়ান মৌসুম শেষ করা যাবে, সঙ্গে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোও।’

বেশ কিছু শীর্ষ লিগ এখনই বাতিল করে দেওয়া হয়েছে। সেফেরিন জানালেন, পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে বাছাইপর্ব খেলে আসতে হবে। তিনি বলেন, ‘বেশিরভাগ লিগই তাদের মৌসুম শেষ করতে পারবে বলে বিশ্বাস করি এমই। যারা করবে না, এটি তাদের সিদ্ধান্ত। তবে তারা ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে তাদের বাছাইপর্ব খেলতে হবে।’ একই সাক্ষাত্কারে সেফেরিন জানান, চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে নিজেদের হোম ম্যাচ চাইলে নিরপেক্ষ ভেনুতেও খেলতে পারবে দলগুলো।