‘গুচ্ছ’ভিত্তিক অনুশীলনে বাধা নেই স্প্যানিশ দলগুলোর

আপডেট : ১৮ মে ২০২০, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

অনুশীলনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে স্প্যানিশ দলগুলো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ প্রতিটি স্প্যানিশ দলকেই গুচ্ছভিত্তিক অনুশীলনের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

স্পেনের আর সব জায়গায় লকডাউন শিথিল করা হলেও বার্সেলোনা ও মাদ্রিদ এর আওতায় পড়েনি। তবুও বার্সেলোনা ও রিয়ালের মতো দলগুলোকে গুচ্ছভিত্তিক অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোকে এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে। এর আগে গত মাসের শেষে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মিলেছিল দলগুলোর।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ কমাতে মার্চের মাঝামাঝি সময়ে লকডাউন ঘোষণা করে স্পেন, বন্ধ হয়ে যায় দেশটির ফুটবল লিগও। সম্প্রতি লকডাউন শিথিলের প্রক্রিয়া হাতে নিয়েছে দেশটির সরকার। তারই অংশ ফুটবলকে মাঠে ফেরানোর এ প্রয়াস। লকডাউন কড়াকড়িভাবে কার্যকর থাকায় বার্সা ও রিয়ালের গুচ্ছভিত্তিক অনুশীলনে সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় অংশ নিতে পারবেন। আর যেখানে তুলনামূলক লকডাউন-কড়াকড়ি কম, সেখানে একসঙ্গে ১৪ জন অনুশীলন করতে পারবে। একই দিনে বেশ কিছু দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দলীয় সভার অনুমতি পেয়েছেন, তবে সেখানে যে সামাজিক দূরত্বের রীতি মানতে হবে তা বলাই বাহুল্য।