শ্রীলঙ্কা সফরে যেতে বিসিসিআইয়ের ‘শর্ত’

আপডেট : ১৮ মে ২০২০, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ড থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শ্রীলঙ্কার দেওয়া প্রস্তাবে ইতিবাচক। তবে, শর্তও আছে। সংস্থাটি জানিয়েছে, ভারত সরকার থেকে অনুমতি মিললে তবেই তারা সফর করতে পারবে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, ‘এটি পুরোপুরি লকডাউন শিথিলকরণ এবং ভ্রমণ বিধিনিষেধ সম্পর্কিত সরকারি নির্দেশনার ওপর নির্ভর করে। আমাদের ছেলেদের সুরক্ষা এবং স্বাস্থ্যের সঙ্গে কোনো ঝুঁকি না থাকলে আমরা  ভ্রমণের জন্য উন্মুক্ত।’

করোনায় এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে শ্রীলঙ্কা। দেশটিতে আক্রান্ত হয়েছে হাজারেরও  কম মানুষ। মৃতের সংখ্যা এখনো দুই অঙ্কে পৌঁছায়নি। ভারতে এখনো চলছে লকডাউন। ২৫ মে পর্যন্ত লকডাউন থাকবে ভারতে। দেশের বাইরে ভ্রমণের নিষেধাজ্ঞা তো আছেই। আর এসব কারণে এখন পর্যন্ত বিসিসিআই নিজেদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) আয়োজন করতে পারেনি।

এদিকে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে সফরের ব্যাপারে নেতিবাচক মত দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, ‘ভারত যদি বলে থাকে তারা সফরের জন্য প্রস্তুত তাহলে ধুম্রজালের ভেতরে রেখেছে। তারা শুধু বলছে, দ্বিপাক্ষিক সফরের প্রতিশ্রুতি রক্ষা করবে। এত দ্রুততম সময়ে ভারতের মতো দল কখনোই মাঠে নামবে না।’