আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে বেড়ার তাঁতশিল্প

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৬

রতন কুমার আচার্য, বেড়া (পাবনা) সংবাদদাতা 

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া বেড়া উপজেলার তাঁত কারখানাগুলো আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে। মেশিনের শব্দে আবারও প্রাণ ফিরে পেয়েছে বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার তাঁত কারখানা। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে তাঁতিদের মুখে হাসি ফুটেছে। করোনা ভাইরাসের কারণে তাঁত কারখানাগুলো বন্ধ ছিল। দিনমজুরি ভিত্তিতে চলা এসব পরিবারে তাই ছিল দুর্দিন। অনেকে পরিবার নিয়ে তার এতদিন মানবেতর জীবনযাপন করেছে।

তাঁতে উত্পাদিত কাপড়ের মধ্যে প্রধান হলো লুঙ্গি। পাইকারি ব্যবসায়ীরা বাড়িতে এসে কিনে নিয়ে যায় আবার নিজেরাও দেশের বিভিন্ন স্থানের হাটে সরবরাহ করে থাকে। টেকসই হওয়াতে এই এলাকার তৈরি লুঙ্গির ব্যাপক সুনাম রয়েছে। সারা বছর লুঙ্গি বুনলেও বছরের দুই ঈদকে সামনে রেখে তাদের লাভ লোকসানের সব হিসাব-নিকাশ থাকে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনায় ব্যবসাবাণিজ্য যখন স্থবির তখন এর প্রভাব পড়েছে তাঁত কারখানাগুলোতেও। তবে সপ্তাহখানেক হলো এসব তাঁত কারখানাগুলো আবার সচল হতে শুরু করেছে। তাঁতিরা এখন দিনরাত ব্যস্ত লুঙ্গি তৈরিতে।

উপজেলার চাকলা ইউনিয়নের তাঁতি দ্বীন আমিন, মামুন বলেন, অনেক দিন পর আবার কাজ করতে পেরে ভালো লাগছে। আর তো সময় নাই। এখনি শুরু করতে না পারলে এত আর্থিক ক্ষতি পোষাব কীভাবে?  আমাদের লক্ষ্য একটাই এই আর্থিক ক্ষতি পূরণ করা।