করোনা উপসর্গ সুন্দরগঞ্জে ঢাকাফেরত মৃত নারীর জানাজায় আসেনি পরিবারের কেউ

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৭

গাইবান্ধা প্রতিনিধি

সুন্দরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ঢাকাফেরত মৃত নারীর (৩০) জানাজায় পরিবারের কেউ আসেনি। বাড়িতে লাশ আসার খবর শুনে স্বজনরা উধাও হয়ে যান। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও লাশ দাফন কমিটি সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথপাড়া (নয়াপাড়া) গ্রামে পারিবারিক কবরস্থানে ঐ নারীর দাফন সম্পন্ন করেন বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান।

তিনি আরো জানান, এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, ঐ নারী ও তার স্বামীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত ঐ নারীর সংস্পর্শে আসা ১০ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।