বরিশালের স্থানীয় পত্রিকার কর্মকর্তাসহ সাতজন করোনা আক্রান্ত

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৭

বরিশাল অফিস

বরিশালের একটি স্থানীয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকসহ সাত জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষা করা হলে ঐ সাত জনের রিপোর্ট পজিটিভ আসে। সোমবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় পত্রিকার ৫২ বছর বয়সি ঐ কর্মকর্তা নগরীর গোড়াচাঁদ দাশ রোড এলাকায় বসবাস করেন। তিনি সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা শেষে বরিশালে ফিরেছেন। এছাড়া বাকি ছয় জনের মধ্যে নগরীর সাগরদী এলাকার ৩০ বছরের এক নারী, নাজির মহল্লা এলাকার ৩৬ বছরের এক পুরুষ রয়েছে। এছাড়া উজিরপুর উপজেলায় দুই জন, বানারীপাড়া ও মুলাদী উপজেলার একজন করে করোনা আক্রান্ত হয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৬৫ বছরের মধ্যে। এ নিয়ে বরিশালে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ঐ সাত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাসা লকডাউন করা হয়েছে।