বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিএনপি জাতীয় নির্বাচন পেছানোর যে দাবি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নিয়েও পুরনো নালিশের অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ আছে বিএনপি। তবে বিদেশিদের ওপর নির্ভর করে নির্বাচন পেছাবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছাতে হবে এর চেয়ে হাস্যকর ও অবান্তর দাবি আর হতে পারে না। কোনো কারণে যদি বিদেশি পর্যবেক্ষক আসতে না পারে, সেজন্য কি নির্বাচন পেছাতে হবে? কোনো বিদেশি পর্যবেক্ষকের ব্যক্তিগত কারণে আসতে বিলম্ব হলে একটি রাষ্ট্র তার নির্বাচন পেছাতে পারে না।’ বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘দেশটাকে ছোট ভাববেন না, দেশটাকে উপরে তুলে দিন। আমাদের দেশ সবার উপরে। আমরা কারো চেয়ে ছোট না। বন্ধু দেশ আমাদের অসংখ্য আছে। কিন্তু মর্যাদায় আমরা কারো চেয়ে ছোট না।’ সেতুমন্ত্রী বলেন, বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে তাহলে দেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। কারণ জনগণ এখন নির্বাচনের মুডে আছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সংক্রান্ত সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডে ৩ জন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক ও কর্নেল (অব.) ফারুক খান দলের সংসদীয় মনোনয়ন বোর্ডে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন। ওবায়দুল কাদের বলেন, ‘সংসদীয় বোর্ডের তিনজন সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহম্মেদ অসুস্থ থাকার কারণে তাদের অস্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বিকল্প ধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে মাহি বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মহাজোট গঠনের বিষয়ে আমরা ১৪ দলের সঙ্গে আলোচনা করতে চাই। তবে কিভাবে আলোচনা করা যায় সেই বিষয়টি নিয়েই কথা বলতে এসেছি। মূলত বাংলাদেশ বিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্যই আমরা আনুষ্ঠানিক এই আলোচনার চিন্তা করছি।’ ১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে আসছেন কিনা এমন প্রশ্নে মাহি বলেন, ‘আমরা নির্বাচনে আসছি সেটা শতভাগ নিশ্চিত। এখনো সিদ্ধান্ত না হলেও জোটগত নির্বাচনে আসা অসম্ভব নয়। তবে আমরা ১৪ দলে আসছি না, আমরা মহাজোটের বিষয়ে আলোচনা করেছি।’ মাহি বি চৌধুরী বলেন, ‘আনুষ্ঠানিক আলোচনার আগে বেশি খুলে বলা যাবে না। আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে আজ আমরা আলোচনা করেছি। খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।