এ এম শিহাবুর রহমান
বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টিকারী এক প্রকার ভাইরাসের নাম ‘করোনা’। প্রাণঘাতী এ ভাইরাস বিশ্ব জুড়ে প্রাণহানি ঘটাচ্ছে। বিশ্ব অর্থনীতিকে দুমড়েমুচড়ে দিয়েছে। নিয়মকানুন ভেঙে দিয়েছে। মানুষকে গৃহবন্দি করেছে। এর আতঙ্কে অনেকে স্বেচ্ছায় গৃহে কারাবরণ করেছে, কেউ-বা স্বেচ্ছায় নিয়েছে নির্বাসন। করোনার প্রাদুর্ভাবে বিশ্বজনগোষ্ঠী অসহায় হয়ে পড়েছে। একের পর এক আক্রান্ত আর মৃত্যুর সংবাদ বিশ্ববাসীকে ক্রমাগত শোকাহত করছে। এর ভয়াল থাবা থেকে আমরাও বাদ পড়িনি। ‘করোনা’র রকমারি কুপ্রভাব আমাদের জনগোষ্ঠীর একটি বৃহত্ অংশের কর্ম ছিনিয়ে নিয়ে তাদেরকে অসহায় ও নিরন্ন করেছে। চারদিকে লকডাউনের ডামাডোল। ক্ষুধার্ত মানব। চোখে মুখে অনুক্ত কষ্টের ছাপ। এমনি দুঃসময়ে সরকারের পাশাপাশি দলমত, জাতি-ধর্মনির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যার যার অবস্থান থেকে। কেউ দিবালোকে, কেউ রাতের আঁধারে, কেউ বা অন্তরালে থেকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। অনেকেই অন্তরালে থাকতে চেয়েও সাংবাদিকের ক্যামেরায় বন্দি হয়েছেন। আবার অনিয়মের কথাও শোনা যাচ্ছে ফাঁকে ফাঁকে। কিন্তু এটাও সত্যি যে, সৃষ্টির আদিকাল থেকেই ভালো এবং মন্দ বিরাজমান। আগামীতেও মন্দের একেবারে অবসান অসম্ভব বটে। তবু পৃথিবী নিজস্ব ধারায় চলছে, চলবে। এর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শুধু অতিদরিদ্র বা নিম্ন পেশাজীবীরা নয়; নিম্মমধ্যম এমনকি মধ্যম অবস্থানের মানুষও বেকায়দায় পড়েছেন এই মুহূর্তে। এমনি দুঃসময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা রকমের সহায়তার বার্তা আসছে। ছোটো-বড়ো বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সংস্থা এমনকি ব্যক্তগত উদ্যোগে ত্রাণ সহায়তার অনেক দৃষ্টান্ত রয়েছে। আমাদের নিজ এলাকা ঢাকার ধামরাইয়ে স্থানীয় এমপি বেনজীর আহমদ, বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘এসিডআই’, ব্যবসায়সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান ‘খান অ্যাসোসিয়েটস’ ঢাকা বিশ্ববিদ্যালপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ডিইউডিএসএফ’, ‘ধামরাই থানা পুলিশ’, ‘কালামপুর বাজার বণিক সমিতি’সহ ব্যক্তিগত, দলীয় ও সাংগঠনিক উদ্যোগে আরো অনেকেই সহযোগিতা করেছেন। এরা রাজধানী এবং নিজ নিজ এলাকায় ত্রাণ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী; এমনকি ইফতারসামগ্রীও বিতরণ করেছেন বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে। দেশবরেণ্য গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন ‘গুণীজন ফাউন্ডেশন’ ‘নিসচা’ স্কাউট একই ধারায় কাজ করেছে এবং করছে। যেমন করেই হোক না কেন, এই দুঃসময়ে বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে যারা দাঁড়িয়েছেন অবশ্যই তারা প্রশংসা প্রাপ্তির দাবিদার। মোটকথা ‘করোনা’ আমাদের দানবীরদের ত্রাণবীর বানিয়েছে। করোনা দুর্যোগের এ দুঃসময়ে সব ত্রাণবীরকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দ।
লেখক : এমএস প্রথম সেমিস্টার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর।
