ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর খিলক্ষেত এলাকায় এক ব্যবসায়ী ৫০ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। রামপুরা ওয়াপদা রোডের ফার্নিচার ব্যবসায়ী মুজিবুল হুদা চৌধুরী বিপ্লব (৫০) গত ৩০ মার্চ বারিধারায় যাওয়ার কথা বলে খিলক্ষেতের আমতলা এলাকার বাসা থেকে বের হন। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তার স্ত্রী রওশন আক্তার খিলক্ষেত থানায় জিডি করেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, নিখোঁজ ব্যবসায়ীর মোবাইল ফোনের কললিস্টের জন্য আবেদন করা হয়েছে। করোনা প্রতিরোধ কাজে ব্যস্ত থাকায় সেই কললিস্ট হাতে মেলেনি। ঐ ব্যক্তির সঙ্গে কারো আর্থিক লেনদেন বা শত্রুতা আছে কি না তাও তদন্ত করা হচ্ছে।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী রওশন আক্তার বলেন, করোনা প্রতিরোধে সাধারণ ছুটির কারণে ২৬ মার্চ থেকে ৩০ মার্চ সকাল পর্যন্ত তার স্বামী মুজিবুল হুদা বাসাতেই অবস্থান করছিলেন। ৩০ মার্চ সকাল ১০টার দিকে তার মোবাইলে একটি কল আসার পর তিনি আমাকে বলেন যে বারিধারা যেতে হবে সেখানে ব্যবসা সংক্রান্ত কাজ রয়েছে। তিনি বারিধারার উদ্দেশ্যে চলে যান। দুপুরের পর মোবাইলে কল দেওয়া হলে তিনি জানান যে, তিনি এখনো বারিধারা অবস্থান করছেন, কাজ শেষ হয়নি। সন্ধ্যার পর তার মোবাইল আর সচল পাওয়া যায়নি। মুজিবুল হুদা চৌধুরী পেশায় একজন আসবাবপত্র ব্যবসায়ী। পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে আসবাবপত্রের (দোকান নং ১৫১/৪/১) দোকান রয়েছে। তার ব্যবসায় কোনো অংশীদার ছিল না। তার ভাগ্নে রিয়াদ বলেন, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। তার (মুজিবুল হুদা) সঙ্গে কারো আর্থিক বিরোধ নেই। কেউ যদি তাকে অপহরণ করে থাকে, সে সংক্রান্তে কেউ আমাদের কাছে মুক্তিপণ দাবি করেনি। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, কে তাকে বাসা থেকে ডেকে নিয়েছিলেন, সেটাই আমরা তদন্ত করছি। কার কার সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল—সেটাও পরিবারকে জানাতে বলেছি।
