বেসরকারি হাসপাতালের চিকিত্সক ও নার্সদের সুরক্ষা সামগ্রী নিশ্চিতের নির্দেশ

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত চিকিত্সক, নার্স ও অন্যদের চিকিত্সার জন্য প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী নিশ্চিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব (হাসপাতাল) ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির চেয়ারম্যানকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশসমূহ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য চলমান ছুটি শেষে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে প্রেরণ করেছেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এ রিট করেন। শুনানিতে তিনি বলেন, করোনাকালীন সময়ে সাধারণ জ্বর, সর্দি, গলা ব্যথা বা অন্যান্য যে কোনো রোগের চিকিত্সা নিতে গেলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তাররা চিকিত্সা দিতে অনীহা দেখাচ্ছেন। রোগীর চিকিত্সা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ডাক্তার ও নার্সদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে করোনা রোগীকে বাছাই করতে না পারলে এ সমস্যার সমাধান হবে না। এ কারণে প্রত্যেকটি বেসরকারি হাসপাতালের প্রবেশপথে হলুদ জোন করে সকল রোগীকে চিকিত্সা দেওয়া প্রয়োজন। জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সরকারকে বিব্রত করতেই এ রিট মামলা করা হয়েছে। কোনো আইনের ব্যত্যয় হলে রিট করা যায় এখানে সে রকম হয়নি, তাই মামলা চলে না, শুধু শুধু মামলা করা হয়েছে।