আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, চলমান করোনা সংকটে বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না। গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে অনলাইন সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ‘করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে চলে যাচ্ছেন। এছাড়া ঈদ উপলক্ষ্যে বিভিন্ন মার্কেটের অতিরিক্ত সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরিব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, সংকটের পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আপনারা আস্থা রাখুন। সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।
