জাতীয় সংসদের সাবেক সদস্য ও গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড়ো ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই ছিলেন জনপ্রিয় দৈনিক পত্রিকা বাংলার বাণীর সম্পাদকমন্ডলীর সভাপতি।
তিনি খুলনা আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও আরামবাগ ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। তিনি খুলনা অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের অন্যতম প্রস্তাবক ছিলেন দাদাভাই। শিক্ষা বিস্তারের জন্য তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠা করেন শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। স্বপ্নের পদ্মা সেতুও তার লালিত স্বপ্নের একটি। এই মহান নেতা ১৯৯১ সালের ১৯ মে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের জ্যেষ্ঠ পুত্র নূর-ই-আলম চৌধুরী বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ, মাদারীপুর-১ আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য। দশম ও একাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী। এছাড়া তিনি জাতীয় সংসদের হুইপসহ বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ইলিয়াস আহমেদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সন দশম ও একাদশ জাতীয় সংসদে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। .
